২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক সমিতিতে জয় সরকারবিরোধীদের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদেই জয়ী হয়েছে। ১১টি পদের মধ্যে শুধু তিনটি সদস্য পদে জয়ী হয়েছে সরকার সমর্থকদের হলুদ প্যানেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বৃহস্পতিবার সমিতির নির্বাচনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকরা 'ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ (সাদা দল)' এবং সরকার সমর্থকরা 'বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল)' ব্যানারে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক আবুল কাশেম চৌধুরী (২৪৫ ভোট)। তার প্রতিদ্বন্দ্বী একই বিভাগের অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী পেয়েছেন ২২৯ ভোট। সাধারণ সম্পাদক হয়েছেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক এস এম নছরুল কদির (২৬৬ ভোট)। তার প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আহম্মদ সালাউদ্দিন পেয়েছেন ২০৯ ভোট। সহ সভাপতি পদে বনবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল আমীন (২৩৪ ভোট), কোষাধ্যক্ষ পদে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর (২৫৮ ভোট), যুগ্ম-সম্পাদক পদে প্রাণ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আতিয়ার রহমান (২৩৭ ভোট) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে বিজয়ী সাদা প্যানেলের শিক্ষকরা হলেন- ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আবু তাহের চৌধুরী (২৫০ ভোট), বনবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন (২৬৫ ভোট) ও হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুনুর রশিদ (২৩১ ভোট)। অপর তিন সদস্য পদে নির্বাচিত হয়েছেন হলুদ দলের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী (২৪৩ ভোট), অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আলী আশরাফ (২৪২ ভোট) ও প্রাচ্যভাষা বিভাগের অধ্যাপক জিন বোধি ভিক্ষু (২৪১ ভোট)। প্রধান নির্বাচন কমিশনার জানান, মোট ৬১০ জন ভোটারের মধ্যে ৪৯০ জন নির্বাচনে ভোট দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমআই/২১৫০ ঘ.