২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২০১০ হবে যুদ্ধাপরাধ বিচারের বছর'

৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার নিয়ে নানা মুখী রাজনৈতিক বক্তব্য ও প্রচারণা এবং সরকারের 'সদিচ্ছা' নিয়ে প্রশ্নের মুখে আইনমন্ত্রী শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রদীপ চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নতুন বছর হবে যুদ্ধাপরাধের বিচারের বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যাকাণ্ড মামলার নিষ্পত্তির পর নতুন বছরে সরকার যুদ্ধাপরাধের বিচার শুরু করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। নতুন বছর ২০১০ শুরুর প্রায় ১২ ঘন্টা আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "২০১০ সাল হবে যুদ্ধাপরাধীদের বিচারের বছর। নতুন বছরেই জাতির বহু কাক্সিক্ষত প্রত্যাশা পূরণ হবে। এ জন্য সরকারের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।" যুদ্ধাপরাধের বিচার শুরুর প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, আগামী ফেব্র"য়ারি-মার্চের মধ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন প্যালেন নিয়োগ করা হবে। তবে এদের জন্য ভবনসহ লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা গেলে ফেব্র"য়ারি-মার্চের আগেও এটা হতে পারে। বিচার শুরু না করে সরকার সময় ক্ষেপণ করছে- যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলনকারী ঘাতক দালাল নিমূর্ল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরামসহ বেশ কয়েকটি সংগঠনের এমন অভিযোগ নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এ নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। বহু দিন পর এত বড় একটা ঘটনার বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কিছুটা সময়তো লাগবেই। সঠিক প্রক্রিয়ায় সব হচ্ছে দাবি করে তিনি বলছেন, সরকারতো বসে নেই, এ জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। যেমন: সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয়েছে, ১০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে, ১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট যুগোপযোগী করা হয়েছে, বিচারের স্থান নির্ধারণ করা হয়েছে। যুদ্ধাপরাধের বিচার ইসলামি শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র- জামায়াতে ইসলামীর এমন বক্তব্য উড়িয়ে দিয়ে আইনমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর এ ধরনের বক্তব্য ভিত্তিহীন। তারা সব সময়ই কূট-কৌশলের আশ্রয় নিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কিন্তু দেশের জনগণের কাছে বারবারই তাদের সেই কূট-কৌশল ধরা পড়েছে। এবারও তারা সেই রকম কৌশলের আশ্রয় নিয়েছে। ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের অপরাধ ঢাকার চেষ্টা করছে। তবে অপরাধীরা কিছুতেই পার পাবে না। বিচারের মুখোমুখি তাদের হতেই হবে। যুদ্ধাপরাধী চিহ্নিত করার প্রক্রিয়া কী হবে জানতে চাইলে শফিক বলেন, যারা যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত হবে তাদের বিরুদ্ধে মূলত তথ্য-প্রমাণ সংগ্রহ করবে তদন্ত কাজে নিয়োজিত সংস্থা। সেই তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীদের বিচার করা হবে। তবে এ বিষয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক দালাল নিমূর্ল কমিটিসহ অন্যদের কাছে থাকা তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। আইনমন্ত্রী হিসেবে এক বছরে নিজেকে সফল দাবি করে সাবেক এই আইনজীবী নেতা বলেন, "দায়িত্ব নেওয়ার পর আমার কাছে বড় কাজ ছিল বিগত তত্ত্বাবধায়ক সরকারের করা অধ্যাদেশগুলো সংসদে পাশ করা। ইতিমধ্যে প্রায় ৬৬ টি অধ্যাদেশ পাশ করা হয়েছে। এছাড়া, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার জন্য সিআরপিসি সংশোধন আইন-২০০৯ ও মানবাধিকার আইন-২০০৯ পাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা ৪ জন থেকে ১১ জনে উন্নীত করা হয়েছে। অস্থায়ী বিচারপতি হিসেবে আরও ৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সাব রেজিষ্ট্রার এবং বিবাহ রেজিষ্ট্রার নিয়োগ নিয়ে আগের সরকারগুলোর সময়ে দুর্নীতির অভিযোগ ছিল। এ বিষয়ে বিধিমালা তৈরি করায় দুর্নীতির কোনও অভিযোগ নেই। এখন এলাকা থেকেই কমিটির মাধ্যমে নাম পাঠানো হয়, সেখান থেকে একজনকে নিয়োগ দেওয়া হয়। সবচেয়ে বড় বিষয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ করা গেছে।" নতুন বছরের আইন মন্ত্রণলায়ের নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, "আমি চেষ্টা করবো নতুন বছরে বিচার অঙ্গন আরও ডিজিটালাইজ করতে। এর পাশাপাশি আছে কোর্ট ও কেস ম্যানেজমেন্ট পদ্ধতি কার্যকর করার চেষ্টা। এছাড়া উচ্চ আদালত থেকে নিু আদালত পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) চালুর জন্য আইন কমিশনকে বলা হয়েছে। এতে মামলার পরিমাণ অনেক কমে যাবে। ক্ষেত্র বিশেষে ফৌজদারি মামলাতেও এডিআর চালুর উদ্যোগ নেওয়া হবে। অস্বচ্ছল বিচারপ্রার্থীদের জন্য সরকারিভাবে আইনি সহায়তায় আরও বড়ানো হবে।" নিজের এক বছরের কাজের অভিজ্ঞতা কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করে শফিক আহমেদ বলেন, "অপূর্ণতা তো কিছুটা থাকবেই। আমার মনে হয় যতটা কাজ হয়েছে তার গতি আরও বাড়তে পারতো। অর্থাৎ কাজগুলো দ্রুত হতে পারতো। নতুন বছরে এই বিষয়টা মাথায় রাখে কাজ করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/