চট্টগ্রাম, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন জেএমবির দুই সদস্যকে সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর স্থানীয় কমান্ডার জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদকে ৩ বছর এবং রফিকুল ইসলাম ওরফে জাভেদকে ২০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত দুইজনই বর্তমানে কারাগারে আছেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম এ রায় প্রদান করেন।
২০০৫ সালের ৫ ডিসেম্বর নগরীর পাহাড়তলী থানাধীন আবদুল লতিফ সড়কের খাজা আহমদের মালিকানাধীন ৫ তলা ভবনে রফিকুলের বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এ রায় দেয়া হয়।
অন্য মামলায় আগেই ফাঁসি হওয়ায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই ও আতাউর রহমান সানিকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আাইনজীবী মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন।
তিনি বলেন, "রায় ঘোষণার আগে মোহাম্মদ প্রথমবারের মতো তার অতীত কৃতকর্মের জন্য আদালতের নিকট অনুশোচনা প্রকাশ করে। তবে দণ্ডিত অপর আসামি রফিকুল তার কাজের জন্য অনুশোচনা প্রকাশ না করে বলেন-'আমি এ ধরনের তাগুতি আইন মানি না'।"
২০০৬ সালের ৯ মার্চ এ মামলার অভিযোগপত্র দাখিল এবং ২০০৭ সালের ২৮ আগস্ট অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24