ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশনগুলো 'দেশের আইনি এখতিয়ার বহির্ভূত' বলে জানিয়েছে সরকার।
বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশী দূতাবাসগুলো তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য কর্মকাণ্ডের ব্যাপারে নিজস্ব এখতিয়ার প্রয়োগ করতে পারে।
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিতে সেদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশে এসেছে- এ খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতি দেওয়া হলো।
প্রধান বিরোধী দল বিএনপি ও তার মিত্ররা ভারতীয় হাই কমিশনে সেদেশের নিরাপত্তা বাহিনী মোতায়েনের খবরে উদ্বেগ প্রকাশ করে একে 'বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি' বলে অভিহিত করেছে।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের নিরাপত্তার জন্য সেদেশের কোনো নিরাপত্তা বাহিনীর বাংলাদেশে আসার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন।
ওই বিবৃতিতে বলা হয়, "কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর ২২ অনুচ্ছেদ অনুযায়ী, কূটনৈতিক মিশন এবং তার ভবন ও অঙ্গনসমূহ যেকোনো প্রকার অনুপ্রবেশ থেকে সংরক্ষিত এবং মিশনসমূহ স্বাগতিক রাষ্ট্রের আইনি এখতিয়ার বহির্ভূত। এছাড়া কূটনৈতিক প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য কার্যক্রম গ্রহণে মিশনসমূহ নিজস্ব এখতিয়ার প্রয়োগ করতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২২১৪ ঘ.
bdnews24