ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সঙ্গে ক্রসফায়ারে নিহতের ঘটনার সবগুলোই যথার্থ ছিল বলে দাবি করলেন এলিট এ অপরাধ দমন বাহিনীর মহাপরিচালক।
মঙ্গলবার বিকালে ঢাকার কুর্মিটোলায় সদর দপ্তরে র্যাবের ২০০৯ সালের কর্মকাণ্ডের মূল্যায়ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার এ মন্তব্য করেন।
'ক্রসফায়ার' বা 'এনকাউন্টার' এর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তীব্র সমালোচনার শিকার এ বাহিনীর মহাপরিচালক বলেন, "র্যাবের সাথে প্রতিটি সংঘর্ষের ঘটনার পরে সেটি বিভাগীয়ভাবে তদন্ত করে দেখা হয়। এখন পর্যন্ত তার কোনটিতে অনিয়ম পাওয়া যায়নি। অতএব সবগুলো যথার্থ ছিল বলা যায়।"
সন্ত্রাস ও অপরাধ দমনে লক্ষ্যণীয় সাফল্য থাকলেও র্যাবের 'ক্রসফায়ারের' নামে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজসহ বিভিন্ন মহল বেশ কিছুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে।
দেশের উচ্চ আদালতও গত নভেম্বরে মাদারীপুরে দুই ভাইয়ের ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনার সূত্রে গত ১৪ ডিসেম্বর র্যাবকে কারণ দর্শাও নোটিশ দেয় এবং ৯ জানুয়ারি এ বিষয়ে শুনানির আগ পর্যন্ত যেকোন প্রকার ক্রসফায়ার থেকে বিরত থাকার আদেশ দেয়।
সাংবাদিকদের মহাপরিচালক বলেন, "বড় একটি বাহিনী হিসাবে র্যাব স্খলনের উর্ধ্বে নয়, ব্যর্থতার উর্ধ্বে নয়। আমাদেরও ভুলভ্রান্তি রয়েছে, তবে সেটার সংখ্যা অনেক কম।"
র্যাব সদস্যদের কিছু নিয়মভঙ্গ ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা বিভিন্ন সময় স্বীকার করলেও বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সরকারের মন্ত্রীরা বা র্যাব নিজে বরাবর অস্বীকার করে আসছে। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অতি স
bdnews24