ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় সোমবার ভোরে একদল ডাকাতের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় ২ ডাকাতসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের গুলিতে আহত রিপন (২৪) নামে এক ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে ৬/৭ জনের একদল ডাকাত উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়িতে (সড়ক ১৯ বাড়ি ২৯) হামলা চালায়। তারা দোতলা বাড়িটির নীচতলায় ব্যবসায়ী আজাদ এ রহমানের বাসার দরজা শাবল দিয়ে খুলে ভেতরে ঢুকে।
ওসি জানান, তারা গৃহকর্তাকে মারধর করে এবং বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারা বাসার আলমারি ভেঙে নগদ ৩৭ হাজার টাকা, ৩০ ভরি গয়না ও ৪টি মোবাইল সেট নিয়ে নেয়। ডাকাতদের কয়েকজন দোতলায় বাড়িওয়ালার ফ্ল্যাটে একইভাবে দরজা ভেঙে ঢুকে সবাইকে জিম্মি করে।
পুলিশ খবর পেয়ে সেখানে গেলে তাদের সঙ্গে ডাকাতদের প্রায় ১০/১২ রাউন্ড গুলিবিনিময় হয়। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটলে পুলিশ গুলি করতে করতে তাদের পিছু ধাওয়া করে। বাসার কাছ থেকেই গুলিবিদ্ধ অবস্থায় রিপনকে এবং পাশে দক্ষিণখান এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায় বলে জানান ওসি খন্দকার রেজাউল হাসান ।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাপাতি,শাবল, ছোরা, নগদ ২৪ হাজার টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ডাকাতির ঘটনায় সহায়তা করার অভিযোগে শহীদুর রহমান (৩০) এবং মো. মিস্টার (৩১) নামে দুই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকি ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২৩১২ঘ.
bdnews24