ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ে যানজট এড়াতে যান চলাচলে কিছুটা পরিবর্তন এনেছে পুলিশ কর্তৃপক্ষ।
রোববার পুলিশ কমিশনার একেএম শহীদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফার্মগেট থেকে আসা যানবাহন সোনারগাঁও ক্রসিংয়ে পৌঁছলে ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহনকে সোজা বাংলা মোটরের দিকে যেতে হবে অথবা বাঁয়ে টিসিবি ভবন ক্রসিং হয়ে ইউটার্ন নিয়ে আবার সোনারগাঁও ক্রসিং পার হয়ে বসুন্ধরা সিটির দিকে যেতে হবে।
একই ভাবে শাহবাগ বা বাংলা মোটর থেকে আসা যানবাহনগুলো সোনারগাঁও ক্রসিংয়ে এসে ডানে মোড় নিতে পারবে না। তাকে বাঁয়ে বা সোজা যেতে হবে। আর যদি ডানে মোড় নিয়ে এফডিসি, রেইনবো ক্রসিং বা সাতরাস্তার দিকে যেতে হয় তাহলে বাংলা মোটর হয়ে হাতিরপুল সোনারগাঁ রোড হয়ে হোটেল সুন্দরবনের সামনে দিয়ে গিয়ে ডানে ঘুরে সোনারগাঁও ক্রসিং পার হয়ে এফডিসির দিকে যেতে পারবে।
যানজট নিয়ন্ত্রণে আনতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/০০৪৫ঘ.
bdnews24