২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের অন্যরকম উৎসব

নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান উচ্চ বিদ্যালয়ের মাঠে রোববার আনন্দ-উৎসবে মেতে উঠেন আড়াই শতাধিক প্রতিবন্ধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 05:58 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান উচ্চ বিদ্যালয়ের মাঠে রোববার আনন্দ-উৎসবে মেতে উঠেন আড়াই শতাধিক প্রতিবন্ধী। মোজা ও গেঞ্জি পরে, মালা গেঁথে, হুইল চেয়ারে বসে বাজনার তালে তালে দৌড়, বল নিক্ষেপ, দড়ি টানাটানি প্রতিযোগিতায় অংশ নেন তারা। গান গেয়ে, কবিতা আবৃত্তি করে, ছবি এঁকে কাটিয়ে দেন সারাদিন। তাদের সঙ্গে অভিভাবকরাও উচ্ছ্ব্সিত হয়ে ওঠেন। জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের আয়োজনে সকালে উৎসবের উদ্বোধন করেন সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র'র (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালেরি টেইলর। প্রভাত সমাজ কল্যাণ সংস্থা'র সভাপতি হরেকৃষ্ণ সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা উপ-পরিচালক মো. আলাউদ্দিন সরদার, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে ইউ আকসির, নারায়ণগঞ্জ প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মোহর আলী চৌধুরী প্রমুখ। বিকালে জেলা প্রশাসক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৫০ ঘ.