ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব এর আরো দুটি ইউনিট খোলার জন্য বাহিনীটির নিজের দেওয়া প্রস্তাব আপাতত ফেরত পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী করতে এর জনবল বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা ও আধুনিক সরঞ্জামে সজ্জিত করার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এলিট অপরাধ দমন বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে তাদের প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত তথ্যসহ নতুন করে পাঠাতে বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে রোববার তার কার্যালয়ে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার জানান।
প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, "আমাদের পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী করা দরকার। একইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এ বাহিনীটিকে অত্যাধুনিক যানবাহন, অস্ত্র ও অন্য সরঞ্জাম দেওয়া দরকার যাতে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে।"
প্রতিমন্ত্রী বলেন, এজন্য সভায় পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধি ও আরো আধুনিক সরঞ্জামাদিতে সজ্জিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এজন্য সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে। প্রস্তাব পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
দুর্নীতি ছাড়াও জনবল, সুযোগ-সুবিধা ও উপকরণের অভাবকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রধান প্রতিবন্ধকতা হিসাবে চিহ্নিত করা হয়।
র্যাবের দু'টি নতুন ইউনিট গঠনের প্রস্তাব প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "তাদের প্রস্তাবটি নিয়ে আলোচনা করা হয়েছে। তবে কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে জমা দিতে বলা হয়েছে।"
র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারও জানান, বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তবে কোন সিদ্ধান্ত না নিয়ে আরো পরীক্ষা করে দেখে নতুন প্রস্তাব দিতে বলা হয়েছে।
র্যাব কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দ্রুতই কাজ শুরু করবে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করতে চাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, র্যাব কর্তৃপক্ষ স
bdnews24