২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ ডিসেম্বর ঘড়ি আবার পিছিয়ে যাচ্ছে

ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আবার আগের সময়ে ফিরে যাচ্ছে দেশ। আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টায় এটি কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আবার আগের সময়ে ফিরে যাচ্ছে দেশ। আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টায় এটি কার্যকর হবে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ রাত ১১ টায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। আবুল কালাম আজাদ জানান, মন্ত্রিপরিষদের বৈঠক থেকে বছরের দুটি সময় নির্ধারণ করা হয়েছে। এখন থেকে প্রতিবছর ৩১ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে নেওয়া হবে। আবার ৩১ অক্টোবর রাত ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত তা আবার এক ঘন্টা পিছিয়ে আনা হবে। দিনের আলো সাশ্রয়ের জন্য গত ১ জুন মন্ত্রীসভার বৈঠকে ১৯ জুন থেকে ঘড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করা হয়। বিদ্যুৎ সঙ্কট মোকাবেলা করাই ছিল দেশে প্রথমবারের মতো এ পদ্ধতি চালুর উদ্দেশ্য। এশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এ পদ্ধতি চালু আছে। দীর্ঘসময় সূর্যালোক থাকার সময় ঘড়ি এগিয়ে আনায় বিশেষ সমস্যা না হলেও পরে দিনের দৈর্ঘ্য ক্রমশ কমে আসায় পরিবর্তিত সময় জনজীবনে নানা সমস্যা সৃষ্টি করছিল। বিশেষ করে অন্ধকার থাকতেই শিশুদের স্কুলে পাঠানো ও সকালের ট্রেন-বাস ধরা দুর্ভোগের ব্যাপার হয়ে দাঁড়ায়। বিভিন্ন মহল সূর্যালোক অনুযায়ী ঘড়ির কাটা আবার যথাসময়ে পিছিয়ে নেওয়ার দাবি করে আসছিল। বিশ্বের অন্যান্য ডে লাইট সেভিং টাইম অনুসরণকারী দেশে বছরে দুটি সময়ের ব্যবস্থা থাকলেও বাংলাদেশে গত গ্রীষ্মে এগিয়ে নেওয়া সময় আদৌ আর বদলানো হবে না সরকারের কোনো কোনো মহলের এরকম বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এছাড়া মন্ত্রিপরিষদের ৫০ তম এ বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন-২০০৯ এর খসড়া, বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিকাল ডকুমেন্টেশন সেন্টার আইন-২০০৯, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আইন-২০০৯ এর খসড়া, ন্যাশনাল ইন্সস্টিটিউট অব বায়ো-টেকনোলজি আইন-২০০৯ এর খসড়া এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইন-২০০৯ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংসদের ২০১০ সালের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষণের খসড়াও উপস্থাপন করা হয় এতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এসকে/২৩৫৫ঘ.