২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মার্কেট নির্মাণ কাজে হামলা, আহত ৮

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে বুধবার মার্কেট নির্মাণ কাজে প্রতিপক্ষের হামলায় আটজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ফরিদপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফর ডটকম)- ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে বুধবার মার্কেট নির্মাণ কাজে প্রতিপক্ষের হামলায় আটজন আহত হয়েছে। গুরুতর আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা খোকন মেম্বার (৩৫) ও তার মামাতো ভাই আব্দুল মান্নানকে (২০) ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (ভাঙ্গা সার্কেল) ইমামুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কানাইপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসায়ী রাধাগোবিন্দ পোদ্দারকে তাদের জায়গায় মার্কেট নির্মাণের অনুমতি দেয়। বুধবার ওই মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল। কিন্তু এই নির্মাণ কাজে ভাগ না পেয়ে ক্ষুব্ধ শ্রমিক লীগ নেতা ফকির বেলায়েত তার সমর্থকদের নিয়ে সকাল ১১টার দিকে হামলা চালান। কানাইপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রইসউদ্দিন লস্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উন্নয়নে তহবিল সংগ্রহের জন্য স্কুলের জায়গায় মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ী রাধাগোবিন্দ পোদ্দার স্কুল তহবিলে ১১ লাখ টাকা দেওয়ায় তাকে মার্কেট নির্মাণের অনুমতি দেওয়া হয়। "কিন্তু কাজের ভাগ না পেয়ে জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফকির বেলায়েত হোসেন লোকজন নিয়ে সকালে হামলা চালিয়ে মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে দেয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৯৪৬ ঘ.