ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এম এম রহুল আমিন মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবারই ছিল এম এম রহুল আমিনের শেষ কর্মদিবস। বুধবার সকালে নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি তাফাজ্জাল ইসলাম।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিদায়ী প্রধান বিচারপতি মামলার দ্রুত নিষ্পত্তির জন্য করণীয় বিষয়গুলো অবহিত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তার বিচারিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিদায়ী এই প্রধান বিচারপতির অবদান অনুকরণীয় বলে অভিহিত করেন তিনি।
রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/২১০২ ঘ.
bdnews24