২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় শিশুসহ পাঁচজন খুন

সুনামগঞ্জে সোমবার বাবার হাতে দুই শিশু খুন হয়েছে। সাভারে এক গামের্ন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 05:25 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে সোমবার বাবার হাতে দুই শিশু খুন হয়েছে। সাভারে এক গামের্ন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহীতে রোববার রাতে উদ্ধার করা হয় গৃহবধূর গলাকাটা লাশ। রংপুরে শনিবার স্বামীর নির্যাতনে খুন হয়েছে আরেক গৃহবধূ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগরের উত্তর বংশিকুণ্ডা ইউনিয়নের মাটিয়ারবন্ধ গ্রামের আব্দুস সালাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে নিজের ছেলে এরশাদুল মিয়া (৪) ও মেয়ে ছালেহা বেগমকে (৬)। এ সময় গুরুতর আহত সালামের মা সুনা ভানু (৭০) ও স্ত্রী রাশেদাকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গ্রামবাসী সালামকে আটক করে পুলিশে দিয়েছে। উত্তর বংশিকুণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল খালেক বলেন, সন্ধ্যায় হঠাৎ করে সালামের চিৎকার শুনে আশপাশের মানুষ গিয়ে দেখতে পায় ঘরের মেঝেতে এরশাদুল মিয়া ও ছালেহার লাশ পড়ে আছে। এ ছাড়া সালামের মা ও স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিয়ে পড়ে ছিল। মধ্যনগর থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সালামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাভার: সাভারের বাইপাইল এলাকার একটি বাঁশঝাড় থেকে গামের্ন্টস শ্রমিক রেহানা বেগমের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়া থানার উপ-পরিদর্শক গোলাম মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে দুপুর ১টার দিকে গলায় ওড়না পেঁচানো লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ কর্মকর্তা বলেন, ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেয়েটির ঠিকানা পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর থেকে বিকালে পুলিশ অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। সাভার থানার উপ-পরিদর্শক ফারুক কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধুমতি মডেল টাউনের সামনে গলিত লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। বিকাল ৫টার দিকে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি বলেন, ১০/১৫ দিন আগে হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। তার পরনে লুঙ্গি ও শার্ট ছিল। তার পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকা থেকে রোববার রাতে গৃহবধূ সাজেমা বিবির (২২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সাজেমা মুরারিপুরের মুনসুর রহমানের ছেলে সোহেল রানার স্ত্রী। পবা থানার ওসি আবু বক্কর সিদ্দীক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ৯টার দিকে সাজেমার স্বামী সেলুন কর্মচারী সোহেল বাড়ি ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে আম বাগানে তার লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা গোদাগাড়ী উপজেলার পালপুরের মনিরুল ইসলাম বাদী হয়ে সোমবার পবা থানায় অজ্ঞাতদের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় শনিবার রাতে স্বামীর হাতে তার স্ত্রী খুন হওয়ার অভিযোগ উঠেছে। এদিকে হত্যা মামলা না নেওয়ায় সোমবার এলাকার কয়েক শ' লোক গৃহবধূ পারভীন আখতারের লাশ নিয়ে বদরগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে। নিহতের পরিবারের বরাত দিয়ে বদরগঞ্জ থানার ওসি কৃষ্ণ কুমার জানান, বদরগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের পারভীন আখতারের সঙ্গে জলুবর গ্রামের হামিদুলের বিয়ে হয় আট বছর আগে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে হামিদুল প্রায়ই পারভীনকে যৌতুকের জন্য মার ধর করত। কিছুদিন আগে হামদিুল স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। এতে রাজি না হওয়ায় শনিবার ভোরে সে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রাখে। পুলিশ লাশ উদ্ধার করে রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওসি আরো বলেন, আপাতত ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলা নেওয়া হবে। পারভীনের বড় ভাই বাবুল জানান, কয়েকজন স্বজনসহ বদরগঞ্জ থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাদের থানা থেকে বের করে দেয়। এ ঘটনা জানাজানি হলে সোমবার কয়েক শ' লোক লাশ নিয়ে থানা ঘেরাও এবং বিক্ষোভ করে। পরে দুপুর আড়াইটায় সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট তৌহিদুল ইসলাম এসে মামলা নেওয়ার আশ্বাস দিলে তারা ফিরে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.