২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবেগ জাগানিয়া মুক্তিযুদ্ধের একগুচ্ছ ছবির প্রদর্শনী

" আজ বাবা নেই। কিন্তু তিনি যে দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই দেশটি আছে। আর আছে তার সহযোদ্ধা ও বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। এখন সবাই মিলে এ দেশটিকে আমাদের পূর্বপুরুষদের স্বপ্নের মত করে গড়ে তুলতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- " আজ বাবা নেই। কিন্তু তিনি যে দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই দেশটি আছে। আর আছে তার সহযোদ্ধা ও বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। এখন সবাই মিলে এ দেশটিকে আমাদের পূর্বপুরুষদের স্বপ্নের মত করে গড়ে তুলতে হবে।" মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনে তোলা বাবার ছবি দেখে এভাবেই অনুভূতি ব্যক্ত করলেন ১১নং সেক্টরের কমান্ডার মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের কন্যা জয়া তাহের। তিনি এদিন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীবের তোলা ১৯৭১ সালের একশটি আলোকচিত্র নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে শুরু হওয়া প্রদর্শনী উদ্বোধন করেন। হারুন হাবীবের ক্যামেরায় উঠে এসেছে বাঁশ ও ছন দিয়ে ১১নং সেক্টরের সদর দপ্তর তৈরির দৃশ্য, উদ্বাস্তুদের কঠিন জীবন সংগ্রাম, শহীদ মুক্তিযোদ্ধাদের লাশ দাফন, আটক রাজাকার, পাকিস্তানী সৈন্য ও রাজাকারদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র, দুর্গম পথ পেরিয়ে অভিযানে যাওয়ার মতো যুদ্ধদিনের অনেক বিচিত্র ছবি। হারুন হাবীব যুদ্ধের পাশাপাশি রণাঙ্গন সংবাদদাতার দায়িত্ব পালনকালে এসব ছবি তোলেন। প্রদর্শনীটি ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে ৮৮টি মুক্তিযুদ্ধকালীন আলোকচিত্র নিয়ে তৈরি একটি অ্যালবাম এবং 'সোনালী ঈগল ও উদ্বাস্তু সময়' উপন্যাসের মোড়ক উন্মোচনও করা হয়। 'একাত্তরের যাত্রী' শীর্ষক তিনদিনব্যাপী এ আয়োজনে আরো রয়েছে দুটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 'একাত্তরের যাত্রী : প্রজন্ম থেকে প্রজন্মে' শীর্ষক প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকালে। পরদিন হবে 'যুদ্ধাপরাধ : প্রেক্ষাপট বাংলাদেশ' শীর্ষক দ্বিতীয় সেমিনার। উভয়দিন বিকাল ৫টায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়নে। ছবি দেখতে দেখতে আবেগপ্রবণ হয়ে পড়া বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান সজল নয়নে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ১৯৭১ সালে স্বজন হারানোর মাধ্যমে শুরু হওয়া হৃদয়ের রক্তক্ষরণ থামেনি। যুদ্ধাপরাধীদের বিচার ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে এ রক্তক্ষরণ থামাতে হবে।" মুক্তিযুদ্ধে শহীদ ডা. আব্দুল কাদেরের সন্তান সাংবাদিক নাদিম কাদের বলেন, "যুদ্ধে আমাদের পিতা শহীদ হয়েছেন। মা আমাদের বাঁচিয়ে রেখে মানুষ করতে এক অস্বাভাবিক জীবনযুদ্ধে লড়েছেন। আজ আমাদের দেশ গড়ার জন্য নতুন যুদ্ধ শুরু করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১২৯ঘ.