বগুড়া, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সরকারি আযিযুল হক কলেজে সংঘর্ষের ঘটনায় রোববার রাতে শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগ।
বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, কলেজ শাখা শিবিরের নেতাসহ ৯৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলাটি করেন ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুন্নবী রাসেল।
মামলায় আরো দুই শতাধিক অজ্ঞাত শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
রাতেই পুলিশ দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করে।
রোববার দুপুরে ছাত্রলীগ ও শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।
এ ঘটনায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব পরীক্ষা রয়েছে তা যথারীতি চলবে বলে কর্তপক্ষ জানায়।
কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান ডালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলি বর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, কলেজ শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক হুসাইন মুহাম্মদ মানিকসহ ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
বগুড়া শহর শাখা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক আব্দুল হালিম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সোমবার সন্ধ্যায় আযিযুল হক কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুন্নবী রাসেল, যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা উজ্জল ও কামরুল হাসান ডালিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দীন শেখ হেলালসহ ৮১ জনের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়।
তবে অভিযোগ অস্বীকার করে সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, শিবিরের পক্ষ থেকে এখনো (সন্ধ্যা পর্যন্ত) কোনো অভিযোগ করা হয়নি।
সদর থানার ওসি বলেন, "সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার রাতে আনোয়ার হোসেন ও ইসমাইল হোসেন নামের দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।"
কলেজ অধ্যক্ষ ড. সুলতান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (সোমবার) পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।"
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষাসহ ভর্তি ফরম বিতরণ কাজে কোন ব্যাঘাত ঘটেনি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24