২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহবধূকে এসিড মেরেছে দুর্বৃত্তরা

রাজধানীর যাত্রাবাড়ীতে শনিবার রাতে এক গৃহবধূকে এসিড মেরে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 09:44 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে শনিবার রাতে এক গৃহবধূকে এসিড মেরে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। আহত ফাহমিদা বেগমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার মুখের এক পাশ ও বুক ঝলসে গেছে বলে পুলিশ জানিয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ শেখদির একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ফাহমিদা বেগমের ফ্ল্যাটে গিয়ে বেল চাপে স্থানীয় দুই সন্ত্রাসী রানা ও ইমন। বেল শুনে দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ফাহমিদার গায়ে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে হাসপাতালে নেন। প্রতিবেশীর বরাত দিয়ে পুলিশ আরো জানায়, বিকালে ফ্ল্যাটে আসা দু'জন লোকের সঙ্গে ফাহমিদার তুমুল ঝগড়া হয়। এসিড ছোড়ার কারণ জানা যায়নি। তবে এসিড নিক্ষেপকারীদের ওই গৃহবধূ আগে থেকেই চিনতেন বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এসকে/০০৫৫ঘ.