ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আজিমপুরের স্থানীয়দের সংঘর্ষে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন আহত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের পাশে স্থানীয় কিছু যুবক নেশা করার সময় হলের ছাত্ররা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
প্রক্টর বলেন, রাত সাড়ে ১১টার দিকে উভয়পক্ষের বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। স্থানীয়রা হলের ছাত্রদের ওপর হামলা চালালে ছাত্ররাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে তুমুল মারামারি বেধে যায়।
শাহনেওয়াজ ভবনের ছাত্রলীগ নেতা খন্দকার জামিল ইকবাল আজাদ জানান, রাত ৮টার দিকে স্থানীয় কিছু যুবক ভবনের সামনের গলিতে নেশা করতে এলে তাদের সঙ্গে হলের কয়েকজন ছাত্রের কথা কাটাকাটি হয়। পরে ওই যুবকরা তাদের এলাকা থেকে মাস্তান নিয়ে এসে ছাত্রদের ধাওয়া দেয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এক হয়ে আবার রাত ১১টার পর তাদের পাল্টা ধাওয়া দেয়।
কাছের কুয়েত মৈত্রী হলের এক ছাত্রী জানান, তিনি একাধিক গুলি অথবা বোমা ফাটার শব্দ শুনেছেন। এ কারণে হলে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, বিডিআর সদর দপ্তরের ৩ নং ফটকের খুব কাছেই ঘটনাস্থলের অবস্থান। এ কারণে ছাত্রীরা আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
নিউমার্কেট থানার ওসি কামরুল ইসলাম রাত সোয়া ১২টার দিকে মারামারি চলছে জানিয়ে বলেন, পুলিশ তা থামানোর চেষ্টা চালাচ্ছে।
জিজ্ঞেস করা হলে তখন ঘটনার কারণ জানাতে পারেননি ওসি।
তবে স্থানীয় ৫৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান রাজন বলেন, স্থানীয় ছেলেরা হলের সামনে চা খাচ্ছিল। এসময় ছাত্ররা তাদের ওপর কারণ ছাড়াই হামলা চালায়। এ হামলায় চারজন স্থানীয় যুবক আহত হয়েছেন।
তিনি দাবি করেন সালাউদ্দীন ও টিপু নামে স্থানীয় দুই যুবককে হলের ভেতরে আটকে রেখেছে হল ছাত্রলীগের কর্মীরা।
তবে হল ছাত্রলীগের নেতা খন্দকার জামিল ইকবাল আজাদ কাউকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন হলের দু'জন ছাত্র আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এসকে/০১০৮ঘ.
bdnews24