ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৯০ এর এরশাদবিরোধী গণ আন্দোলনে শহীদ ডা. মিলন হত্যার পুুনঃতদন্ত ও বিচার দাবি করেছে তার পরিবার ও সহ আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।
আলোচনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, "বাংলাদেশের গণতন্ত্রের বর্তমান রূপটি মিলনের রক্ত দিয়ে কিনতে হয়েছে। মিলন হত্যার বিচার, যুদ্ধাপরাধী ও অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচার, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং অসম বিশ্বায়নের কবল থেকে দেশকে রক্ষার মাধ্যমে এ গণতন্ত্রকে স্বার্থক করতে হবে।"
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম মন্তব্য করেন, ব্যক্তি স্বৈরাচারের পতন হলেও ব্যবস্থাটি এখনো টিকে আছে বলে এদেশের জনগণের ভাগ্য পরিবর্তিত হচেছ না।
'স্বৈরশাসনের সঙ্গে গণতন্ত্রের চিরন্তন লড়াইয়ের ধারাবাহিকতায়' একদিন মিলন হত্যার বিচার হবে বলে আশা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, "মিলনের প্রাণ কেড়ে নিয়ে এরশাদ তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল। কিন্তু মৃত মিলন এরশাদের মসনদ কাঁপিয়ে তার পতন নিশ্চিত করেন।"
মিলনের মা সেলিনা আখতার বলেন, "মিলনের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক সরকারগুলোও তার স্বপ্নের গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করেনি। উণ্টো গত ১৯ বছরে চিকিৎসাসেবা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। অন্যান্য পণ্যের মত ওষুধের দামও বেড়েই চলছে।"
নভেম্বর মাস ছাড়া অন্যসময় মিলনের হত্যার বিচারের কথাও খুব একটা শোনা যায় না বলেও অভিযোগ করেন সেলিনা আখতার।
অবিলম্বে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন এবং মিলন হত্যার পুনঃতদন্ত করে হত্যাকারী ও তাদের সহযোগীদের বিচারের দাবি জানান মিলনের মা।
হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলন চলার সময় ১৯৯০ সালের ২৭ নভেম্বর গণমুখী স্বাস্থ্যনীতির দাবিতে এক সভায় যোগ দিতে যাওয়ার সময় মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গুলিতে নিহত হন। তার মৃত্যুর ৯ দিনের মাথায় এরশাদ সরকারের পতন হয়। তখন তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24