ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বিদায়ী হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে রাত ৮টা থেকে ৪০ মিনিট স্থায়ী এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতের সময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, এটি হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ ছিল। বিরোধী দলের নেতা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান প্রয়োজন। বিএনপি চায় ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক।
পিনাক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশে তার মেয়াদ শেষ করে থাইল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২২৮ঘ.
bdnews24