২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক জাওয়াদুর রহমান চলে গেলেন

প্রবীণ সাংবাদিক জাওয়াদুর রহমান আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর বুধবার রাত একটায় রাজধানীর মধ্য বাড্ডার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ সাংবাদিক জাওয়াদুর রহমান আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর বুধবার রাত একটায় রাজধানীর মধ্য বাড্ডার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাওয়াদুর রহমানের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর সাংবাদিক মহলে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাওয়াদুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ মস আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেসকাবের সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দসহ সাংবাদিক-শুভাকাংখীরা যোগ দেন। পরে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়। একজন একনিষ্ঠ ও সৎ সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন জাওয়াদুর রহমান। তিনি ষাটের দশকে 'পাকিস্তান অবজারভার'এ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। পরে তিনি এর সহকারী সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার নিউজ ম্যানেজার হিসেবে কাজ করেন। সদালাপী জাওয়াদুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন। সাংবাদিকতা পেশার মানোন্নয়ন এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তিনি। শোক প্রকাশ জাওয়াদুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ. ম.স. আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন। এছাড়া জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনও গভীর শোক প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসকে/২২২৩ঘ.