ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নিয়ে বিজয়ের ৩৮তম বার্ষিকী উদযাপন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বুধবার জাতীয় স্মৃতিসৌধ ও ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, "এ বিজয় উৎসবে আমাদের শপথ হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার। আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয়।
এরপর ওবায়দুল কাদেরের নেতৃত্ব ফুল দেওয়া হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাশাপাশি এক দল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়।
হুইল চেয়ারে চড়ে ফুল দেওয়ার পর মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু করার দাবি জানান।
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
আওয়ামী লীগ বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় শোভাযাত্রা বের করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩২৫ ঘ.
bdnews24