নরসিংদী, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর বাড়িতে মঙ্গলবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা কয়েকটি বোমা ছুড়ে মারে।
শহরের সাটির পাড়া এলাকায় বেনুর একতলা বাড়িটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি।
রাত ১টার দিকে এ হামলা হয়।
নরসিংদী সদর থানার ওসি শামীম আহমেদ জানান, বাড়িটিতে চারটি বোমা পরপর ফাটলে কার্নিশের কিছু অংশ ভেঙে যায়। বৈদ্যুতিক তারে আগুন ধরে লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে বেনজির আহমেদ, তার বড় ভাই নূরে আলম নান্নু ও বাবা মালু মিয়াকে উদ্ধার করে বাইরে আনে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
কারা এ হামলা চালাতে পারে সে ব্যাপারে কিছু বলতে পারেননি বেনজির আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০২৪০ ঘ.
bdnews24