২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবা স্বয়ংক্রিয় করতে চুক্তি করলো ডাক বিভাগ

বাংলাদেশ ডাক বিভাগ তাদের সেবা স্বয়ংক্রিয় করার এক উদ্যোগ নিয়েছে যা সফল হলে শতাব্দীপ্রাচীন আইনের বলে চলা এ বিভাগের কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 05:50 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ডাক বিভাগ তাদের সেবা স্বয়ংক্রিয় করার এক উদ্যোগ নিয়েছে যা সফল হলে শতাব্দীপ্রাচীন আইনের বলে চলা এ বিভাগের কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হতে পারে। ডাক বিভাগ সিনেসিস আইটি নামের একটি কোম্পানির সঙ্গে প্রাথমিকভাবে ৬৪ জেলার ৮৪টি ডাকঘরের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেবা দেওয়ার জন্য সফটওয়্যার তৈরির চুক্তি করেছে। এর মাধ্যমে ডাক বিভাগ ই-ব্যাংকিং এবং ই-মানি ট্র্যান্সফার করতে পারবে যাতে রাজস্ব আয় অনেক বাড়বে বলে আশা করা হচ্ছে। এ সফটওয়্যার তৈরিতে এক বছর সময় লাগবে বলে জানানো হয়েছে। তৈরির পর তিন মাসের মধ্যেই তা ডাকঘরগুলোতে স্থাপন করা হবে। এ প্রকল্প সফল হলে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দেশের নয় হাজার ৮৭৬টি ডাকঘরের সবগুলোকেই স্বয়ংক্রিয় করা হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জানান, এর মাধ্যমে দেশের প্রায় সাড়ে ১০ হাজার ডাক কর্মীকে 'ভ্রাম্যমান ব্যাংক' হিসেবে কাজে লাগানো যাবে। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে ডাক বিভাগের এ কার্যক্রমের প্রকল্প পরিচালক একেএম শফিউর রহমান এবং সিনেসিস আইটি'র ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। মন্ত্রী অনুষ্ঠানে বলেন, ডাক বিভাগ পরিচালিত হয় ১৮৯৮ সালের একটি আইনের আওতায়। তাই কার্যক্রমে স্থবিরতা এসে গেলে মানুষ এ বিভাগ থেকে মুখ ঘুরিয়ে নিতে শুরু করে। একপর্যায়ে এটি মৃতপ্রায় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। এ অবস্থা থেকে ডাক বিভাগকে রক্ষা এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার ওই আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। ইতোমধ্যেই আইনটির যাচাই-বাছাই ও পরিমার্জনের কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে ডাকমন্ত্রী বলেন, আগামী শীতকালীন অধিবেশনেই আইনটি সংসদে পাস করা হবে। ফলে ই-ব্যাংকিং এবং ই-মানি ট্র্যান্সফার ব্যবস্থাসহ যে কোন ধরণের সেবা প্রদানে ডাক বিভাগের আর কোন বাধা থাকবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, এ ব্যবস্থায় সাফল্য এলে ডাক বিভাগের মাধ্যমেই দেশের সর্বোচ্চ রাজস্ব আয় করা সম্ভব হবে। প্রকল্প পরিচালক একেএম শফিউর রহমান জানান, ডাক বিভাগ বর্তমানে ১৭৮ কোটি টাকা ব্যয়ে আটটি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে স্বয়ংক্রিয়করণ প্রকল্পের ব্যয় বরাদ্দ রয়েছে ৩২ কোটি টাকা। প্রকল্পটি তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩৪৩ঘ.