মৌলভীবাজার, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
নিহত দু'জনের পরিচয় পাওয়া জানা গেছে। এরা হলেন- রাজনগর উপজেলার দাসটিলা গ্রামের সোহেল আহমদ (৩৫) ও নয়াটিলা গ্রামের মুসলিম মিয়া (৩২)।
আহত হেলাল আহমদ (৩২), খালেদ আহমদ (৩০) ও সফিক মিয়াকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।
রাজনগর থানার ওসি জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি যাত্রীবাহী মিনিবাস ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক দিয়ে কুলাউড়া যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজনগর উপজেলার মুশুরিয়া গ্রামের রাইসমিল এলাকায় বাসটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24