নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের মারধর করার প্রতিবাদে সোমবার দুপুরে চাষাড়ায় সড়ক অবরোধ করলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দেড়ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বেশি ভাড়া নেওয়ার অভিযোগে সদর উপজেলার জালকুড়িতে কয়েকটি বাস আটকে শ্রমিকদের মারধর করে ছাত্র ও এলাকাবাসী।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, বাসে ওঠা এবং বেশি ভাড়া আদায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ছাত্র ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল।
সোমবার দুপুর ১২টায় এলাকাবাসী ও ছাত্ররা জালকুড়ি এলাকায় কয়েকটি বাস আটকে শ্রমিকদের মারধর করে। পরে পরিবহন শ্রমিকরা শহরের চাষাড়া থেকে চাঁনমারী এলাকা পর্যন্ত অবরোধ করলে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিলে দেড়টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
শ্রমিকদের মারধরের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24