গাইবান্ধা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলায় সোমবার সকালে বাস-নসিমন (ইঞ্জিনচালিত স্থানীয় যান) সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪ জন।
একই উপজেলায় আরেকটি বাস উল্টে আহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন।
নিহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বোচাগাড়ি গ্রামের মাহবুব হোসেন (৫৪), একই ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের আতোয়ার রহমান (৩০) ও একই উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কালিরখামার গ্রামের তারা মিয়া (৫৫)।
দুটি দুর্ঘটনায় আহতদের গাইবান্ধা সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কাবিলের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জগামী অন্তর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নসিমনটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই মাহবুব হোসেন মারা যান। সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা মিয়া ও আতোয়ার রহমান।
ওসি জানান, সকাল ৯টায় সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধাগামী মিলন পরিবহনের একটি বাস গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের চাপাদহ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ৩৮ জন যাত্রী আহত হন।
একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি দুর্ঘটনায় পড়ে বলে জানান ওসি।
তিনি জানান, দুটি ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৩ ঘ.
bdnews24