চাঁদপুর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশায় গত কযেকদিনের মত সোমবারও চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী লঞ্চ, স্টিমার ও ফেরি চলাচল ব্যাহত হয়।
আরো অন্তত পাঁচদিন ঘন কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, সাগরের নিুচাপটি আরো দুর্বল হয়ে গেলে ধীরে ধীরে কুয়াশা কেটে যাবে।
কুয়াশায় স্টিমারসহ ১৫টি লঞ্চ মেঘনায় আটকা পড়ে। এ কারণে নির্দিষ্ট সময়ের ৭/৮ ঘন্টা পর এসব নৌ-যান চাঁদপুর লঞ্চ ঘাটে ভেড়ে।
খুলনা থেকে ছেড়ে আসা স্টিমার অস্ট্রিচ চাঁদপুরের হরিনাঘাট এলাকায় দীর্ঘক্ষণ নোঙর করে ছিল।
এছাড়া চাঁদপুর-শরীয়তপুর রুটে রাতে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে চট্টগ্রাম থেকে খুলনাগামী বাসযাত্রীদের।
চাঁদপুর-কুমিল্লা রুটে চলাচলকারী গাড়িগুলোকে ভোর বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর বার্দিং সারেং গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনায় কুয়াশার থাকায় সোমবার চাঁদপুরে প্রায় ১৫টি লঞ্চ নির্দিষ্ট সময়ের পরে ঘাটে ভেড়ে।
এছাড়া দক্ষিণাঞ্চল থেকে চাঁদপুর ঘাট হয়ে ঢাকা এবং চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চগুলোকে ধীরে ধীরে চলতে হয়েছে। পথে কোথাও কোথাও এসব লঞ্চকে আটকে থাকতে হয়।
দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মর্নিংসান-১ সোমবার সকাল সাড়ে ৮টায়, কাজল সকাল ৮টা ২০ মিনিটে, জলতরঙ্গ-১ সকাল পৌনে ৮টায়, কোকো-৩ সকাল সোয়া ১০টায়, সাথী সোয়া ১০টায়, পারাবত-১ বেলা ১১টা ৫৫ মিনিটে এবং শ্রীনগর-২ দুপুর ১২টায় চাঁদপুর ঘাটে এসে ভেড়ে।
এছাড়া চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী এমভি তুতুল সকাল পৌনে ১০টায় এবং রফরফ ও তাকাওয়াসহ আরো ১৫টি লঞ্চ সোয়া ১০টার আগে পরে চাঁদপুর ঘাটে ভেড়ে।
অথচ এসব লঞ্চ গভীর রাত ও ভোরবেলায় চাঁদপুর ঘাটে ভেড়ার কথা ছিল বলে জানান গিয়াসউদ্দিন।
চাঁদপুর স্টিমার ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা স্টিমার অস্ট্রিচ চাঁদপুরের হরিনাঘাট এলাকায় রাত ২টায় আটকে পড়ে। বেলা ১১টায় এটি চাঁদপুর স্টিমার ঘাটে এসে ভেড়ার পর সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
হরিনা ফেরি ঘাটের ব্যবস্থাপক জহিরুল ইসলাম জানান, ঘন কুয়াশায় গত ৩/৪ দিন ধরে রাতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দিনে কুয়াশা কাটার পর ফেরি চলাচল করে।
ঘন কুয়াশার কারণে রোববার মাওয়া-কাওড়াকান্দি নৌ-পথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আগের রাতে একই কারণে মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-আরিচা নৌ-পথে ফেরি চলাচল বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৯ ঘ.
bdnews24