২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

নরসিংদী ও চাঁদপুরে সোমবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী ও চাঁদপুরে সোমবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। এর মধ্যে নরসিংদীর শিবপুর ও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় টেম্পু ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: নরসিংদী : উপজেলার ইটাখোলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- বেলায়েত হোসেন (৩৫), মিষ্টু মিয়া (১৩), আ. হামিদ (৪০) ও নজরুল ইসলাম (৪০)। আহতরা হলেন- সুরুজ মিয়া (৫০), আওলাদ হোসেন (৩৫), সাইফুল (২২), নুর মোহাম্মদ (১০) ও নজরুল ইসলাম (২৪)। শিবপুর থানার ওসি শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভৈরব থেকে নরসিংদীগামী একটি পিকআপ ভ্যান সকাল সাড়ে আটটার দিকে ইটাখোলা নামক স্থানে বিকল একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের তিনযাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।" এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা হয়েছে বলেও ওসি জানান। এদিকে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শোয়েব হোসেন জানান, সদর উপজেলার ভেলানগর ব্রীজের ওপর সকাল সাড়ে সাতটার দিকে একটি পিকআপ ভ্যান পেছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দিলে এর চালক নিহত এবং অপর দুই আরোহী আহত হন। নিহত ব্যক্তি হলেন আবু মুছা (৪৬)। আহতদের নাম মাহবুব উল্লাহ (৩০) ও অলি উল্লাহ (৩৫)। এদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। আহতদের মধ্যে পাঁচজনকে নরসিংদী জেলা হাসপাতালে এবং দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাঁদপুর : হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন সালেহ আহমেদ (৫০)। তিনি জয়শারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাজীগঞ্জ উপজেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি। আহতরা হলেন- ফারুক (২৮) ও কাউসার (২২)। হতাহতদের সবাই জয়শারা গ্রামের অধিবাসী। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মজনু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালেহ আহমেদ সকাল আটটার দিকে টেম্পুতে করে হাজীগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং টেম্পুর অপর দু যাত্রী আহত হন।" এসআই মজনু জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদেরকে আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এফএফ/জিএনএ/১৫৫৬ ঘ.