ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংক বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে বিশ্বব্যাংকের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন এ আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
সাক্ষাতকালে এলেন গোল্ডস্টেইন বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, পদ্মা সেতু নির্মাণ, গ্যাস উত্তোলন, সৌর বিদ্যুৎ, বিদ্যুৎ ও জ্বালানি এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী এসব খাতে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন। জবাবে বিশ্বব্যাংক কর্মকর্তা এসব খাতে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় এম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
এর আগে তাইওয়ানের নোবেল বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক ইয়ান টি লী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এইচএ/২৩২৩ ঘ.
bdnews24