মাগুরা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার ভোরে মাগুরার শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।
উপজেলার দরিবিলা গ্রামে এই সংঘর্ষের সময় আওয়ামী লীগ সমর্থকদের ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের আওয়ামী লীগ সমর্থক গোলাম রসুল এবং বিএনপি সমর্থক নজির মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে আজ (রোববার) ভোরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাচ্চু শেখ (৩৫), নজির হোসেন (৫৫), সাইনুর রহমান (২৫), জিনজিরা মিয়া (৩০), হাবিব খাঁ (২০), শাহিনুর মিয়া (২৮) ও গোলাম হোসেনকে (৫৫) মাগুরা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।
সুমন মোল্লা (২৫) নামের আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন গোলাম হোসেন অভিযোগ করেন, বিএনপি সমর্থকরা তাদের পক্ষের ১০টি বাড়ি-ঘর ভাংচুর করেছে। এ সময় হামলাকারীরা লুটপাট চালায় বলেও অভিযোগ করেন তিনি।
তবে এ ব্যাপারে বিএনপি সমর্থক নজির মিয়ার পক্ষের কারো সঙ্গে কথা বলা যায়নি।
শ্রীপুর থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজনৈতিক বিরোধের কারণে এই সংঘর্ষ হয়নি। সামাজিভাবে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরেই এ ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭৪১ ঘ.
bdnews24