চাঁদপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার দাবি করে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি বলেছেন, যতদিন পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে না হবে ততদিন পর্যন্ত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হবেন।
শনিবার রাতে চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধারা মারা গেলে তার পরিবারকে সরকারি ভাতা প্রদান অব্যাহত রাখার আহ্বানও জানান বীর প্রতীক তারামন।
শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী ওই বিজয় মেলা চলছে।
তারামন বিবি বলেন, "আমি জীবিত থাকাবস্থায় যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চাই।
"মুক্তিযোদ্ধারা ভালো নেই। তারা এখনো অবহেলিত। তাদের যেন অবহেলিত করা না হয় এবং ভালভাবে বাঁচতে পারে তা দেখে যেতে চাই।"
তারামন বিবি ৭১'র যুদ্ধ সময়ের নানা স্মৃতি তার বক্তব্যে তুলে ধরেন।
তিনি বলেন, "সাত ভাই-বোনের পরিবারে অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিলাম আমি। মায়ের প্রেরণায় যুদ্ধে অংশগ্রহণ করি। মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়াতাম, অস্ত্র সংরক্ষণ ও এগিয়ে দিতাম। ছদ্মবেশে পাক ক্যাম্পে আসা-যাওয়া করে মুক্তিযোদ্ধাদের খবরাখবর দিতাম। দীর্ঘ নয় মাস যুদ্ধক্ষেত্রে ছিলাম।"
অনুষ্ঠানে তারামন বিবিকে নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক একক নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে তারামন বিবির সঙ্গে তার ছেলে আবু তাহেরও ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সাংবাদিক কাজী রফিক, মুক্তিযোদ্ধা আ. হাই সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আ. মান্নান মিয়াজী, মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম, মহাসচিব সলিম উল্যা সেলিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৩ ঘ.
bdnews24