২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে নৌডুবির ঘটনায় আরেকটি লাশ উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নৌকাডুবির আট দিন পর শনিবার আরেকটি লাশের সন্ধান মিলেছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫৫-এ দাঁড়িয়েছে। আর কেউ নিখোঁজ নেই বলে প্রশাসন দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 05:22 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নৌকাডুবির আট দিন পর শনিবার আরেকটি লাশের সন্ধান মিলেছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫৫-এ দাঁড়িয়েছে। আর কেউ নিখোঁজ নেই বলে প্রশাসন দাবি করেছে। সকালে দুর্ঘটনাস্থল থেকে আট কিলোমিটার পশ্চিমে কামালপুর এলাকায় দায়রা নদীতে মিঠামইনের কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের সদস্য আফতাব উদ্দিনের (৪২) লাশ ভেসে উঠে বলে স্থানীয়রা জানায়। আফতাবের পরিবারের সদস্যরা অর্ধগলিত ওই লাশ সনাক্ত করেন। মৃতের ভাগ্নে রোকন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামা (আফতাব) ওই নৌকায় ছিলেন। কিন্তু তার সন্ধান এতোদিন আমরা পাইনি। আজ (শনিবার) লাশ পাওয়া গেলো।" আফতাবকে ধরে এ পর্যন্ত ৫৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ সাংবাদিকদের বলেন, ওই নৌডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। গত ৪ ডিসেম্বর মেঘনার শাখা নদী দায়ড়া-এ একটি লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এটি অষ্টগ্রাম উপজেলার কদমছাল গ্রাম থেকে করিমগঞ্জ যাচ্ছিলো। নৌকাটিতে একশ'র মতো যাত্রী ছিলো। তবে অনেকে সাঁতরে কূলে উঠেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.