২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্র-গুলিসহ তিন দস্যু গ্রেপ্তার

সাতক্ষীরায় ছয়টি আগ্নেয়াস্ত্র ও ১৭৬টি গুলিসহ তিন বনদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 01:27 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় ছয়টি আগ্নেয়াস্ত্র ও ১৭৬টি গুলিসহ তিন বনদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে জেলার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার থেকে এদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শ্যামনগর সংলগ্ন সুন্দরবনের হাঁসখালী খাল এলাকা থেকে গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এটি সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের অন্তর্ভুক্ত। গ্রেপ্তারকৃতরা হলেন- বনদস্যু মজনু বাহিনীর দ্বিতীয় প্রধান আলিফ (৩৩), আলম (২৩) ও মিলন পাটোয়ারী (২৪)। এদের সবার বাড়ি শ্যামনগরের মুন্সীগঞ্জ গ্রামে। আগ্নেয়াস্ত্রের মধ্যে আছে- তিনটি একনলা বন্দুক, একটি ওয়ান শ্যুটার, দুটি শাটারগান। গুলির মধ্যে পয়েন্ট ২২ বোরের ৯৮টি এবং বন্দুকের ৭৮টি। খুলনা র‌্যাব-৬ এর অপারেশন কর্মকর্তা মেজর এ কে এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আরো জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় খুলনায় র‌্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মেজর কামরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২০ঘ.