ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশন গঠন করবে সরকার।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বৃহস্পতিবার এক আলোচনা সভায় আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মানবাধিকার কমিশন পূর্ণাঙ্গ করতে এ মাসের শেষে বাছাই কমিটির বৈঠক হবে। জানুয়ারির প্রথম সপ্তাহেই ছয় সদস্যের পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হবে।
আইন অনুযায়ী, চেয়ারম্যান ছাড়া মানবাধিকার কমিশনের কমিশনের সদস্য সংখ্যা সর্বোচ্চ ৬ জন। তবে বর্তমানে একা চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর নেতৃত্বে কমিশনের কাজ চলছে।
আইনমন্ত্রী জানান, পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশনে নারী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে।
শেরেবাংলা নগরে অর্থনৈতিক পরিষদ মিলনায়তনের ওই আলোচনা সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আমিরুল কবীর চৌধুরীরও বক্তব্য রাখেন। তিনি কমিশনের লোকবল সঙ্কটের কথা তুলে ধরেন।
মানবাধিকার লঙ্ঘনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকেও কিছুটা দায়ী করে বিচারপতি আমিরুল বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী কিছু সদস্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে থাকে। পুরো বাহিনীর ইমেজের জন্যই এ রকম ঘটনা ঘটা ঠিক নয়।"
'দূর কর বৈষম্য, গ্রহণ কর বৈচিত্র্য'- এ স্লোগানে এবার মানবাধিকার দিবস পালিত হচ্ছে।
দেশের জনগণের মানবাধিকার রক্ষায় সরকার সচেতন রয়েছে দাবি করে আইনমন্ত্রী বলেন, "স্বাধীনতা যুদ্ধের সময় দেশে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। '৭৫ এ জাতির জনককে হত্যা করেও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বর্তমান সরকার মানবাধিকার জনগণের মৌলিক অধিকার ও মানবাধিক রক্ষায় সচেতন।"
বিচার বিভাগের মতো মানবাধিকার কমিশনও স্বাধীনভাবে কাজ করবে জানিয়ে শফিক বলেন, এক্ষেত্রে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। আইনমন্ত্রী শিগগির কমিশনের লোকবল নিয়োগের আশ্বাস দেন।
আমিরুল কবীর জানান, মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, "আমাদের কাছে র্যাব-পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। মানবাধিকার কমিশনের পর্যাপ্ত জনবল কাঠামো (অর্গানোগ্রাম) ও প্রয়োজনীয় বিধি না থাকায় স্বতন্ত্রভাবে কমিশন তার তদন্ত করতে পারছে না।
"আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর ওপর তদন্তের ভার দিলে সুষ্ঠু তদন্ত হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন থাকতে পারে।"
'ক্রসফায়ারের' বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, "বিচারবহির্ভূত সব ঘটনার তদন্ত চাই আমরা। কিছু কিছু বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত নোটিশ দিয়েছি। বিশেষ করে 'বাপ্পী' হত্যাকাণ্ডসহ কয়েকটি ঘটনা নিয়ে স্বরাষ্ট্র সচিবকে লিখেছি।"
বিচারপতি আমিরুল বলেন, মানবাধিকার কমিশনকে কার্যকর ও শক্তিশালী করতে সরকারের কাছে ৬২ জনের লোকবল চেয়ে অর্গানোগ্রাম পাঠানো হয়েছে। বিভাগীয় ও জেলা পর্যায়ে কমিশনের কার্যালয় স্থাপনসহ কাজের বি
bdnews24