২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আগেভাগেই এডিপি সংশোধন করা হবে

এতদিন অর্থবছরের ১১ মাসের মাথায় এডিপি সংশোধন করা হলেও এবার ছয় মাসের মাথায় তা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার আগেভাগেই সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করা হবে। এতদিন অর্থবছরের ১১ মাসের মাথায় এডিপি সংশোধন করা হলেও এবার ছয় মাসের মাথায় তা করা হচ্ছে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার পর পরিকল্পনা সচিব হাবিবউল্লাহ মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান। এদিন একনেক সভায় ৪৩৩ কোটি টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এডিপি বাস্তবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাবিবউল্লাহ মজুমদার সাংবাদিকদের বলেন, আগামী ১৫ থেকে ২০ জানুয়ারির মধ্যে এটি সংশোধন করা হবে। চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এডিপি বাস্তবায়নের হার 'সন্তোষজনক' বলে মন্তব্য করেন তিনি। চলতি অর্থবছরে এডিপি'র আকার হচ্ছে ৩০ হাজার ৫০০ কোটি টাকা। সচিব জানান, সংশোধিত এডিপি চূড়ান্ত করার জন্য সব মন্ত্রণালয়কে চিঠিও দেওয়া হয়েছে। চলতি মাসের ২৭-২৮ তারিখের মধ্যে প্রোগ্রাম কমিটির বৈঠক করা হবে। "১৫ জানুয়ারির মধ্যে আমরা সংশোধিত এডিপি'র খসড়া করবো। ২০ জানুয়ারির মধ্যে সংশোধিত এডিপি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।" জানুয়ারির মধ্যেই সংশোধিত এডিপি চূড়ান্ত হবে বলেও জানান সচিব। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলো হলো - স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশের জন্য ৪৯ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশ বিভাগের ৫০টি হাইওয়ে আউট পোস্ট নির্মাণ, ৪৪ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের জাতীয় স্যানিটেশন প্রকল্প (২য় পর্যায়), ৩৭ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের মাদারীপুর শহর ও সংলগ্ন এলাকার প্রকল্প, ২৮ কোটি টাকা ব্যয়ে পাঁচটি বিভাগীয় শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিস ভবন নির্মাণ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো'র (ইপিবি) ২৭৫ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র নির্মাণ প্রকল্প। পরিকল্পনা সচিব জানান, রাজধানীর পুরনো বিমানবন্দর এলাকায় এ প্রদর্শনী কেন্দ্র নির্মিত হবে যার সিংহভাগ অর্থ দেবে চীন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যয় করা হবে ৬৫ কোটি টাকা। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২২৩১ঘ.