ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে কারাগারে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অবহেলা কেন আদালত অবমাননা হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
বিএনপি নেতা পিন্টুর আবেদনে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ বুধবার এ রুল জারি করে।
আদালত স্বরাষ্ট্র সচিব, ঢাকার জেলা প্রশাসক, কারা মহাপদির্শক ও ঢাকার জেলারকে আগামী ১৩ ডিসেম্বর হাইকোর্টে হাজির হতে বলেছে। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তার কারণও জানাতে বলা হয়েছে আদেশে।
আদেশের পর পিন্টুর আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের আদেশ অমান্য করায় সরকার ও কারা কর্তৃপক্ষের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।"
২১ আগস্ট গ্রেনেড মামলায় গ্রেপ্তার পিন্টুকে গত ১৩ অক্টোবর কারাগারের বাইরে বিশেষ চিকিৎসার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরে ২৪ নভেম্বর আদালত কারাগারের ভেতরেই বিশেষায়িত চিকিৎসক দিয়ে চিকিৎসার নির্দেশ দেয়।
দুটি আদেশ মানা হয়নি অভিযোগ করে পিন্টু ৭ ডিসেম্বর আদালত অবমাননার আবেদন করেন।
পিন্টুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহবুব হোসেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ১৭ জানুয়ারি পিন্টুকে গ্রেপ্তার করা হয়।
ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হন।
ওই মামলায় পিন্টুসহ মোট ২২ জনকে আসামি করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অভিযোগপত্র দেয় পুলিশ।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ওই মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪০৭ ঘ.
bdnews24