২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের ১৫ জেলে উদ্ধার হয়নি

কক্সবাজার সমুদ্র উপকূলে মাছধরা ট্রলার থেকে ফেলে দেওয়া ১৫ জেলেকে মঙ্গলবারও উদ্ধার করা যায়নি। উদ্ধার হয়নি ট্রলারটিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

কক্সবাজার, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র উপকূলে মাছধরা ট্রলার থেকে ফেলে দেওয়া ১৫ জেলেকে মঙ্গলবারও উদ্ধার করা যায়নি। উদ্ধার হয়নি ট্রলারটিও। গত বৃহস্পতিবার রাতে এফবি এন হক নামের মাছ ধরার ট্রলারটিতে লুটপাট চালিয়ে জলদস্যুরা ওই ট্রলারের ১৭ জেলেকে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। এদের মধ্যে আবু তাহের (৩২) ও সৈয়দ উল্লাহ (৩০) নামের দুজন রোববার রাতে ফিরে এসেছেন। এ দু'জনের বাড়ি শহরের পাহাড়তলী এলাকায়। তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দস্যুরা সব জেলেকে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। তাদের হাত-পায়ের বাঁধন কিছুটা আলগা হয়ে গেলে নিজেরাই বাঁধন খুলে ফেলতে সক্ষম হন। আবু তাহের বলেন, সাগরে ভাসার সময় একটি মাছধরা ট্রলার তাদের দু'জনকে উদ্ধার বাঁশখালী উপকূলে নিয়ে যায়। সেখান থেকে বাসে রোববার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরে পৌঁছান তারা।" অপর ১৫ জেলের কেউ বেঁচে থাকার কথা নয় বলে এ দু'জন জানান। ডুবে যাওয়া ট্রলার মালিকের ভাই মোহাম্মদ সেলিম বলেন, তাদের নিজস্ব চারটি মাছধরা ট্রলার সাগরে জেলেদের সন্ধান করছে। কিন্তু এখনো কারো সন্ধান মেলেনি। ট্রলারেরও কোনো খোঁজ মেলেনি। তিনি বলেন, সোমবার রাতে কক্সবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাতে নিখোঁজ ১২ জেলের নাম ঠিকানা উল্লেখ করা হয়েছে। এরা হলেন- কক্সবাজার শহরতলীর খুরুস্কুল মামুন পাড়ার আবু তাহের মাঝি, কামাল, দেলোয়ার হোসেন, করিম তাজ, পাহাড়তলীর রশিদ উল্লাহ, মোহাম্মদ কবির, মোহাম্মদ সেলিম, কলাতলীর বড়ছড়া এলাকার নুরুল ইসলাম, লিংক রোড এলাকার কেফায়েত উললাহ, জেল গেইট এলাকার আবদুল হাকিম, নাজিরারটেক এলাকার শামসুল আলম ও হামিদ উল্লাহ। কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক ফয়েজুর রহমান বলেন, ঘটনাটি গভীর সমুদ্রের ঠিক কোথায় ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। তবে সাধারণ ডায়েরির পর পুলিশ দেশের বিভিন্ন এলাকায় খবরটি জানিয়ে রেখেছে। এফবি এন হক নামের ট্রলারটি মালিক হলেন- কক্সবাজারের নুনিয়া ছড়ার ছালামত উল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০২ ঘ.