২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান

বিএনপির জাতীয় কাউন্সিলে তারেক রহমান সর্বসম্মতভাবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জাতীয় কাউন্সিলে তারেক রহমান সর্বসম্মতভাবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির জাতীয় কাউন্সিলের রুদ্ধদ্বার অধিবেশনে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেককে ওই পদে আনার ব্যবস্থা করা হয়। (আরো তথ্যসহ) সংশোধিত গঠনতন্ত্রে একটি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করার পর যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় ওই পদে তারেক রহমানের নাম মনোনয়নের প্রস্তাব করলে কাউন্সিলররা তুমুল করতালি দিয়ে প্রস্তাবটি অনুমোদন করেন। ষোলো বছর পর অনুষ্ঠিত বিএনপির এ কাউন্সিলের মাধ্যমে তারেক রহমানকে এরকম একটি পদে বসানো হবে বলে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। বিএনপি চেয়ারপারসন এর অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যানই চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন বলে গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে। বর্তমান গঠনতন্ত্রে চেয়ারপারসনের অনুপস্থিতিতে কে তার দায়িত্ব পালন করবেন তার কোনো উল্লেখ ছিল না। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনের পর দলের সদস্যপদ গ্রহণের মাধ্যমে রাজনীতিতে আসা তারেককে এর কিছুদিন পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। গঠনতন্ত্রে না থাকা ওই পদটিও চেয়ারপারসন তার ক্ষমতাবলে সৃষ্টি করেছিলেন। সংশোধিত গঠনতন্ত্রে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ১৯ করা হয়েছে। সিনিয়র ভাইস চেয়ারম্যান এর পদাধিকার বলে এ কমিটিরও সদস্য হবেন তারেক রহমান। বিএনপির ১৫ জন সহ-সভাপতির কেউ স্থায়ী কমিটির সদস্য নন। সকালে কাউন্সিলের উদ্বোধনী পর্বে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ভিডিওতে ধারণ করা বক্তব্য প্রচার করা হয়। এতে তারেক বলেন, এখনো তার চিকিৎসা চলছে এবং কবে কখন দেশ ও দলের কাজে জড়াতে পারবেন সে সিদ্ধান্ত এখনো নেননি। জরুরি অবস্থা জারির পর তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিদমন অভিযানের অংশ হিসেবে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে সুপ্রিম কোর্টের জামিনে চিকিৎসার জন্য তিনি লন্ডন যান সেবছরের ১২ সেপ্টেম্বর। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তারেক রহমান সরকারে না থেকেও ব্যাপক প্রভাব রাখতেন বলে মনে করা হয়। দৃশ্যত দলের তরুন নেতা ও কর্মীদের একাংশের মধ্যে এখনো তার একটি সমর্থনভিত্তি আছে। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনের পর বগুড়ায় স্থানীয় বিএনপির সদস্যপদ গ্রহণ করে রাজনীতিতে আসেন তারেক রহমান। পরে তাকে প্রথমে ১নং যুগ্ম মহাসচিব এবং তারপর সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধনী) এর আওতায় দলের গঠনতন্ত্র সংশোধন করতেই বিএনপির এই কাউন্সিল অনুষ্ঠিত হলো। ওই আইনের আওতায় আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের কাছে সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/২২৪১ঘ.