ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন খাতের উন্নয়ন এবং পদ্মা সেতুর নকশা প্রণয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে সহজ শর্তে দুই কোটি ২০ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। এ সংক্রান্ত দুটি চুক্তিও হয়েছে।
এডিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সোমবার শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ দু'টি চুক্তি সই হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব এম. মোশাররফ হোসেন ভূইয়া এবং এডিবি'র পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর পল জে. হেইটেনস স্বাক্ষর করেন।
ঋণ সহায়তার মধ্যে এক কোটি ২০ লাখ ডলার ব্যয় হবে পর্যটন খাতের উন্নয়নে, যা দক্ষিণ এশিয়া পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসএটিআইডিপি) থেকে আসবে।
এ প্রকল্পের আওতায় এডিবি বাংলাদেশ, ভারত ও নেপালের পর্যটন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থা, পয়নিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনায় পাঁচ কোটি ৭৫ লাখ ডলার ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে।
এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক প্রস্তাবিত পদ্মা বহুমুখী সেতুর নকশা প্রণয়ন সম্পন্ন করতে বাকি এক কোটি ডলার দেওয়ার চুক্তি করেছে।
এর আগে ২০০৭ সালে এডিবি সেতুটির নকশা তৈরির জন্য এক কোটি ৭৬ লাখ ডলার ঋণ সহায়তা দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/২২১৭ ঘ.
bdnews24