২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা বাংলাদেশসহ ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইপিসিসি প্রধান রাজেন্দ্র পাচৌরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা বাংলাদেশসহ ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইপিসিসি প্রধান রাজেন্দ্র পাচৌরি। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বেলা সম্মেলন কেন্দ্রে সোমবার শুরু হওয়া জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে ১৯২টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) প্রধান রাজেন্দ্র পাচৌরি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ এবং ছোট দ্বীপ দেশগুলো পানিতে তলিয়ে যেতে পারে। তিনি এসব দেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, "জি-৮ নেতারা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার গড়ে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার ব্যাপারে বিশেষজ্ঞদের মতের সঙ্গে একমত হয়েছেন। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, উষ্ণতা বৃদ্ধি দুই থেকে দুই দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে।" উদ্বোধনী অধিবেশনে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঝুঁকির মুখে থাকা দেশগুলোর সাহায্যে এগিয়ে আসতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোক রাসমুসেন বলেন, "আমরা সবাই আজ এখানে সমবেত হয়েছি। কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পদক্ষেপ গ্রহণে আমরা অঙ্গীকারাবদ্ধ। "একটি চুক্তি আমাদের নাগালের মধ্যেই আছে।" তিনি বলেন, বিভিন্ন দেশের সরকার প্রধানরা এখানে শুধু কথা বলতেই আসেননি, তারা কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছেন। "বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব আমাদের সবার উপরেই পড়েছে। এর প্রভাবের ক্ষেত্রে কোনো বৈষম্য ঘটেনি। আমরা আজ এখানে এ বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণের দৃঢ় প্রত্যয় নিয়েই সববেত হয়েছি", বলেন রাসমুসেন। "জলবায়ু পরিবর্তন ইস্যু আগের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।" কিয়োটো সনদের মেয়াদ আগামী ২০১২ সালে শেষ হয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন নির্গমন আরো কমানোর বিষয়ই এবারের সম্মেলনের মূল আলোচ্য। গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমাতে কী উদ্যোগ নেওয়া হবে, তাই নির্ধারণ হবে কোপেনহেগেন সম্মেলনে। সম্মেলন চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এইচএ/২১৩৫ ঘ.