২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় নিহত ২০, তদন্তের নির্দেশ

ফরিদপুরের ভাঙ্গায় রোববারের দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। দুর্ঘটনার পর রাতে ২১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ফরিদপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গায় রোববারের দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। দুর্ঘটনার পর রাতে ২১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল প্রশাসন। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার রাতে শুরু হয়ে সোমবার বিকাল ৩টা পর্যন্ত লাশ হস্তান্তর চলে। এদিকে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান রোববার গভীর রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহতদের দেখতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। তার সঙ্গে ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপারিনেটেনডেন্ট আওলাদ আলী ফকির, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা। রাতেই মন্ত্রী ঢাকা ফিরে যান। ডিসি হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব তদন্ত কমিটি করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। মন্ত্রী ভাঙ্গায় একটি ট্রমা সেন্টার নির্মাণের আশ্বাস দিয়েছেন বলেও ডিসি জানান। ভাঙ্গার ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, নিহতের প্রকৃত সংখ্যা ২০। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরা হলেন- গোপালগঞ্জের বাঁশবাড়িয়ার শরীফুল (৩৫), আদিনাথ বৈদ্য ওরফে বিবেকানন্দ (৬৫), লিটন বৈরাগী (৫০), রনি (১১), তরিকুল ইসলাম (৪৮), কাশিয়ানির বিপ্লব বর (২৩), পিরোজপুরের আকবর আলী শেখ (৪০), বন্যা (৩) মাদারীপুরের মোতাহার (৪০), ইদ্রিস দর্জি (৪০), আমান (৩০), কালকিনির মাহফুজা বেগম (৩০), তার মেয়ে মারিয়া (৩) ও ভাই জামাল (৩০), দুর্ঘটনা কবলিত রাজধানী পরিবহনের সুপারভাইজার কামাল মুন্সী (২৮), ঢাকার ধামরাইয়ের মৌসুমী আনোয়ার (২০), আমিনবাজারের সিরাজ মোল্লা (৪০), রিয়া (৩), মুন্সীগঞ্জের বিউটি (২৫), ও ফরিদপুরের বানিয়ারচরের সুকান্ত কীর্তনিয়া (৬০)। এর মধ্যে প্রথম ১৯ জন মারা যান ঘটনাস্থলে ও ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে। অপরজন মারা যান ফরিদপুর সদর হাসপাতালে। ইউএনও বলেন, আহতদের মধ্যে পাঁচজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপ্তি রানী সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরিদপুর হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। আরো ১৭ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৮ ঘ.