নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশে নদী খননের জন্য মোট ২৮টি ড্রেজার থাকলেও এর মধ্যে সচল রয়েছে মাত্র চারটি। অচল বাকি ২৪ টির খোঁজ জানেন না খোদ ড্রেজার পরিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী।
এছাড়া খননযন্ত্রের মাধ্যমে আয়-ব্যয়ের হিসাবও জানেন না পরিদপ্তরের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা।
রোববার বিকেলে নারায়ণগঞ্জে ড্রেজার পরিদপ্তর কার্যালয় পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ও প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান।
শহরের কিল্লারপুলে পরিদপ্তর কার্যালয় পরিদর্শনে গিয়ে তারা প্রথমে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সাংসদ নাসিম ওসমান ও ড্রেজার পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।
বৈঠকে রমেশ চন্দ্র সেন ক্ষোভ প্রকাশ করে বলেন, "গত সাত বছরে দু'টি সরকারের আমলে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে এ প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।"
শিগগিরই নদী খননের কাজ শুরু হবে বলে প্রধানমন্ত্রীর নির্দেশে ড্রেজারগুলোর খোঁজ নিতে এসেছেন বলে মন্ত্রী জানান।
বৈঠকে নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজকে প্রধান করে চার সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়।
ড্রেজারগুলো কী অবস্থায় ও কোথায় আছে এবং সেগুলো মেরামতে প্রয়োজনীয় অর্থ ও সময় সম্পর্কে আগামী পনের দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৩৬ ঘ.
bdnews24