ফরিদপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
রোববার বিকেলে উপজেলার পূর্ব সদরদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন শিশু ও দুইজন মহিলা রয়েছে। এদের অধিকাংশের বাড়ি মাদারীপুর, গোপালগঞ্জ, পিরোজপুর ও বরিশাল জেলায়।
নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এর হলেন- দুর্ঘটনা কবলিত রাজধানী পরিবহনের বাসের সুপারভাইজার কামাল মুন্সী (৩০), মাদারীপুরের টেকেরহাটের আমান (৩০), গোপালগঞ্জের বিবেকানন্দ বৈদ্য (৬৫), মাদারীপুরের কালকিনির মাফুজা বেগম (৩০), তার মেয়ে মারিয়া (৩) ও ভাই জামাল (২৪)।
আহতদের মধ্যে ২০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর হাসপাতালে ২০ জনকে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী রাজধানী পরিবহনের এটি বাসের সঙ্গে বিকাল পৌনে ৫টার দিকে মাদারীপুর থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো পাঁচজন মারা যান।
ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদেরও দেখতে যান।
জেলা প্রশাসক হেলালুদ্দিন আহমদ জানান, লাশ ভাঙ্গা থানা চত্বরে রযেছে। এগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল এবং ঢাকা-খুলনা মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে শত শত বাস ট্রাক মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24