চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছে।
রোববার রাত ২টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের সুলতানা মঞ্জিল এলাকায় সড়কের ওপর বিকল হওয়া একটি পণ্যবাহী ট্রাক ঠিক করার সময় অপর একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ আলম (২২), রমজান আলী ও মোহাম্মদ সোহেল (৩০)। এরা বিকল হওয়া ট্রাকের চালক ও সহকারী।
দুর্ঘটনায় আল আমীন (১১) এক কিশোরও গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সার্জেন্ট আমীর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কের ওপর বিকল হয়ে যাওয়া ট্রাক ঠিক করার সময় চট্টগ্রামমুখী অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৪৬ ঘ.
bdnews24