ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম যে খবর প্রচার করেছে, তা নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি শুক্রবার বলেছেন, "ভারতীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে যে খবর প্রচার হচ্ছে, তা সঠিক নয়। উলফার চেয়ারম্যান গ্রেপ্তারের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি।"
রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুলে মান্দি (গারো) সম্প্রদায়ের ওয়ানগালা ২০০৯ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
ভারতের সংবাদ মাধ্যমগুলো বলে আসছে, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর চেয়ারম্যান অরবিন্দ সোমবার বাংলাদেশে গ্রেপ্তার হন। পরে তাকে ভারতের কাছে তুলে দেওয়া হয়।
হিন্দুস্থান টাইমসের বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়, উলফা চেয়ারম্যানকে বুধবার ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। পরে তাকে নয়াদিল্লি নিয়ে যাওয়া হয়। যদিও বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো বন্দি বিনিময় চুক্তি নেই।
ওই প্রতিবদনে আরো বলা হয়, অরবিন্দের স্ত্রী কাবেরী কাচারি ও দুই ছেলে বাংলাদেশে গৃহবন্দি আছেন।
উলফা চেয়ারম্যান ছাড়াও ভারতের বিচ্ছিন্নতাবাদী আরেকটি সংগঠন এনএলএফটি নেতা বিশ্ব মোহন দেব বর্মাকেও বাংলাদেশ ভারতের কাছে তুলে দিয়েছে বলে হিন্দুস্থান টাইমস জানায়।
তাদের আসলেই ভারতের কাছে তুলে দেওয়া হয়েছে কিনা- জানতে চাইলে সাহারা বলেন, "গ্রেপ্তারের ঘটনাই তো ঘটেনি, হ্যান্ডওভারের প্রশ্ন আসে কীভাবে?"
এর আগে বাংলাদেশ পুলিশও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নেতাদের গ্রেপ্তারের খবর নাকচ করে।
গত মাসের প্রথম দিকে উলফার শীর্ষস্থানীয় দুই নেতা শাশা চৌধুরী ও চিত্রবন হাজারিকাকে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করে বলে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছিল। কয়েকদিন পর তাদেরকে আদালতে হাজির করে ভারতীয় পুলিশ। কাগজে-কলমে তাদের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়।
উলফার সেক্রেটারি জেনারেল অনুপ চেটিয়া গ্রেপ্তার হয়ে ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের কারাগারে রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির কাউন্সিল ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, "আমরা শুধু সরকারি দলকে নয়, বিরোধী দলকেও নিরাপত্তার ব্যবস্থা করি। তাদের যে ধরনের নিরাপত্তা দরকার, তা-ই দেওয়া হবে।"
বঙ্গবন্ধুর পলাতক খুনিরা কোন দেশে আছে তা নিশ্চিত হওয়া গেছে কি না, জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তারা স্পেসিফিক কোন জায়গায় আছে তা জানা যায়নি। তবে তাদের ধরার জন্য আমরা খুঁজছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫০০ ঘ.
bdnews24