চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনীর গাছ কাটার ঘটনায় বুধবার রাতে এক শিপ ইয়ার্ড মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় সাতজন গ্রেপ্তার হলো।
নগরীর উত্তর কাট্টলী এলাকার নিজ বাড়ি থেকে দিদারুল আলম ওরফে দিদার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
কাছ কাটার ঘটনায় বন বিভাগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি দিদার চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল আলম মঞ্জুর বড় ভাই আবু তাহেরের ছেলে।
ওদিকে এ ঘটনায় সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসের কানুনগো প্রীতিরুণ চাকমা বাদি হয়ে বুধবার রাতে সীতাকুণ্ড থানায় আরেকটি মামলা দায়ের করেছেন।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়ে বলেন, এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এসআই শওকত বলেন, প্রাথমিক তদন্তে দিদার ও তার সহযোগীরা এ গাছ কাটার সঙ্গে যুক্ত বলে ধারণা পাওয়া গেছে। এ কারণেই তাকে কাট্টলীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ওই ঘটনায় যুক্ত অন্যান্য ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
গত ২৯ নভেম্বর রাতে সীতাকুণ্ডের উপকূলীয় সোনাইছড়ি এলাকায় উপকূলীয় বন বিভাগের ১৫৬০টি কেওড়া গাছ কেটে ফেলা হয়।
এ ঘটনায় এর আগে শাহেদ, জয়নাল, আলমগীর, হারেছ মিয়া, দীলিপ নাথ ও রুবেল নামের ছয়জন গ্রেপ্তার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এএল/জিএনএ/২১৪১ ঘ.
bdnews24