২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্ষুকের লাঠির আঘাতে চট্টগ্রামে হোটেল মালিকের মৃত্যু

নগরীর শুলকবহর এলাকায় বৃহস্পতিবার সকালে ভিক্ষুকের লাঠির আঘাতে এক হোটেল মালিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর শুলকবহর এলাকায় বৃহস্পতিবার সকালে ভিক্ষুকের লাঠির আঘাতে এক হোটেল মালিকের মৃত্যু হয়েছে। নিহত মঞ্জুর আলম (৬০) শুলকবহর এলাকার চিশতিয়া হোটেলের মালিক। তার বাড়ি রাউজানে। পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ভিক্ষুক আবদুল হাকিমকে (৫৫) আটক করেছে। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভিক্ষুক হাকিম চিশতিয়া হোটেলে পাঁচ-ছয়দিন আগে খাবার খেয়ে ২৩ টাকা বাকি রাখে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওই হোটেলে ভিক্ষা চাইতে গেলে হোটেল মালিক মঞ্জুর আলম তার কাছে বাকি টাকা চায়। ফলে দুইজনের মধ্যে ঝগড়া বাধে। তিনি আরও জানান, এক পর্যায়ে ক্ষিপ্ত ভিক্ষুক তার লাঠি দিয়ে হোটেল মালিকের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মঞ্জুর আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ওই ভিক্ষুককে আটক করে পুলিশে সোপর্দ করে বলে এসআই জাকির জানান। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১০০ ঘ.