কুষ্টিয়া, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার চেচুয়া গ্রামের রেজন (২৮) ও বানিয়াপাড়া গ্রামের নায়েব আলী (৪০)।
পুলিশ জানায়, হতাহতদের সবাই টেম্পোর যাত্রী। নিহতদের মধ্যে টেম্পোচালকও আছেন। তবে তার নাম জানা যায়নি।
কুষ্টিয়া সদর থানার ওসি এ কে এম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা পাবনাগামী ফুলঝুরি পরিবহনের একটি বাসের (পাবনা-ব-১১-০০৩৮) সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেম্পোর সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন হোসেন জানান, টেম্পোটি মিরপুর উপজেলার পোড়াদহ থেকে সদরের আলামপুর গ্রামে যাচ্ছিল।
তিনি জানান, বাসের সঙ্গে সংঘর্ষে টেম্পোটি দুমড়ে-মুচড়ে ভেতরে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা টেম্পোর আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা এক মহিলা যাত্রী মারা যান।
ওসি আরো জানান, আহত হান্নান (৩৮), আলমগীর (৩৫), কালা (৪০), লিটন (২৮), বাদশা (২৬) ও ইয়ারুলকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ভেড়ামারা থানা পুলিশ লালন শাহ্ সেতুর টোল প্লাজায় বাসটি আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে- বাসচালক ইলিয়াস (৪২) ও তার সহকারী রঞ্জুকে (৪৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২০২০ ঘ.
bdnews24