ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বিশ্বসংস্থার সিনিয়র কর্মকর্তা বাংলাদেশী বংশোদ্ভূত আমীরাহ হককে তিমোর-লেসথেতে তার বিশেষ প্রতিনিধি নিযুক্ত করেছেন। তিনি ভারতের অতুল খারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বুধবার জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এ ছোট দেশটি সাত বছর আগে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
এর আগে (২০০৭-২০০৯) আমীরাহ হক সুদানে মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি এবং বিশ্বসংস্থার আবাসিক ও মানবিক সমন্বয়কারী ছিলেন।
আমীরাহ হক ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মালয়েশিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত লাওসে তিনি একই দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭৬ সালে জাকার্তায় জুনিয়র প্রফেশনাল অফিসার হিসেবে জাতিসংঘে তার কর্মজীবন শুরু করেন। পরে ১৯৭৮ সালে সহকারি আবাসিক প্রতিনিধি হিসেবে আমীরাহ হককে আফগানিস্তানে বদলি করা হয়।
আমীরাহ হক যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে যথাক্রমে কমিউনিটি অর্গানাইজেশন ও প্ল্যানিং এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন । তিনি ওহাইয়ো অঙ্গরাজ্যের অক্সফোর্ডের ওয়েস্টার্ন কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২০১০ ঘ.
bdnews24