২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীকে গ্রেপ্তারে পরোয়ানা

আক্রমণাত্মক এবং রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ার মামলায় বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আক্রমণাত্মক এবং রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ার মামলায় বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রামের বিচার বিভাগীয় হাকিম আদালতে বৃহস্পতিবার মামলা দায়েরের পর হাকিম আখতার হোসেন এ পরোয়ানা জারি করেন। মামলাটি করেন নগরীর শুলকবহর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবু তাহের উদ্দিন। ফৌজদারি কার্যবিধির ১২৪ (ক) এবং ৫০৫ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্যের অভিযোগ প্রমাণিত হলে ১২৪ (ক) ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। ৫০৫ ধারায় আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার সর্বোচ্চ সাজা ৩ বছর কারাদণ্ড। গত ২০ নভেম্বর ফটিকছড়ি বিএনপি'র সম্মেলনে সাকা চৌধুরীর দেওয়া বক্তব্য নিয়ে এ মামলা দায়ের করা হয়। সাকা চৌধুরীকে উদ্ধৃত করে পরদিন বিভিন্ন সংবাদপত্রের খবরে বলা হয়, "১৫ আগস্ট জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এদিন জাতি একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে। ১৫ আগস্ট না হলে জাতি ভোটের অধিকার ফিরে পেত না।' বঙ্গবন্ধু মামলার রায় নিয়ে সাকা চৌধুরীকে উদ্ধৃত করে প্রকাশিত খবরে বলা হয়, এ রায় জাতি গ্রহণ করেনি। তবে এ হত্যাকাণ্ড থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বাদিপক্ষের আইনজীবী অশোক দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এজাহারে সাকা চৌধুরীর বক্তব্য পুরোপুরি উল্লেখ করে আমরা আদালতকে বলেছি, তার প্রদত্ত এসব বক্তব্য রাষ্ট্র ও সংবিধানবিরোধী এবং জাতীয় সংসদের একজন সদস্য হয়ে তার প্রদত্ত এসব বক্তব্য উস্কানিমূলক।" বঙ্গবন্ধুকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে এর আগে অন্তত পাঁচটি জেলায় সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯১৯ ঘ.